লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আগে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত শফিকুল ইসলাম (৪২) হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকার মৃত তজমুদ্দিনের ছেলে । এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পাটগ্রাম থানা পুলিশ মহিলাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মোছাম্মদ বেগম (২৬) ও আন্তঃজেলা চোর সিন্ডিকেট সদস্য একই উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আমিনুর রহমান (৪৫)। মঙ্গলবার দুপুরে তাদেরকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত শনিবার সকালে পাটগ্রামে বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকা থেকে শফিকুলের লাশ উদ্ধার করেছিল পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম (৪২) গত বুধবার হঠাৎ করে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজখবর নিলেও কোন সন্ধান মেলেনি শফিকুলের। এদিকে গত শনিবার সকালে পাটগ্রামে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায়। পরে লাশের ছবি ও পোশাক দেখে শফিকুলকে সনাক্ত করা হয়। পাটগ্রাম থানা পুলিশ নিহতের পরিবারের কাছে তথ্য সংগ্রহ করে ওই হত্যাকা-ের রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারে মাঠে নামে। সেই সুত্র ধরে সোমবার রাতে খুনের সাথে জড়িত সন্দেহে মহিলাসহ দুইজনকে আটক করে পুলিশ।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম বলেন, ‘চুরির টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বিরোধ ও নারী কেলেঙ্কারীর ঘটনায় শফিকুল ইসলামকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জনিয়েছে।”
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন জানান হবে।