নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাদ্দাম মোড় নামক স্থানে গত রোববার ৩ বছরের এক শিশুকে জবাই করে হত্যা ও মাকে কুপিয়ে জখম করার ঘটনার প্রধান আসামী ইতেসাত নঈম বর্ষণ (১৮) কে বুধবার দুপুরে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে আসামীকে ফাঁসির দাবীতে বুধবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধি সমাজ। মানববন্ধন শেষে ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রভাষক আজিজুর রহমান, প্রভাষক তাহমিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৫ জুন রোববার বাজারের সাদ্দাম মোড় নামক স্থানে সদরের সাধারন ব্যবসায়ী জনৈক রোকনুজ্জামানের বাসায় তার স্ত্রী পারভীন আক্তার (৩০), বড় ছেলে ফুয়াদ (৭) ও ছোট ছেলে রওনক (৩)টিভি দেখার সময় দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে ছোট ছেলে রওনক কে জবাই করে হত্যা করে ও মা পারভিন আক্তার কে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে পরের দিন নিহতের পিতা রোকনুজ্জামান বাদী হয়ে ইতেসাত নঈম বর্ষণ (১৮) কে প্রধান আসামী করে একটি হত্যা মামলা করে। এর আগে পুলিশ বর্ষনের পিতা আজাদুল আলম (৬০), মা মাজেদা বেগম (৪৮) ও জেঠা জাওয়াদুল আলম মুকুট (৬৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।