নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এতে আহত হয়েছে ২ জন। আহতরা ভুরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার উপজেলার উত্তর পাথরডুবি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহিনুর রহমান (৪০)। সে মৃত ইব্রাহিম আলীর পুত্র। ভোর বেলা ঝড়ে পড়া একটি কলা গাছের থোড় কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। এসময় তাকে উদ্ধার করতে যাওয়া সিরাজুল (৩৬) ও রোকসানা (৩০) আহত হয়। স্থানীয় একটি সেচ পাম্প থেকে ওই বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগের খুটি ঝড়ে ভেঙ্গে ঝুলিয়ে পড়া তারের সাথে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় পল্লী বিদ্যুতের অসাধু কর্মচারীদের যোগসাজসে সেচ পাম্প থেকে বিভিন্ন বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অর্থ আদায় করছে প্রভাবশালীরা। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।