যশোর : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরো চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দশজনে। এর আগে দুর্ঘটনাস্থলেই ৬জন নিহত হয়।
ঢাকা-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার গদখালির কাছে রজনীগন্ধ্যা পেট্রোল পাম্পের পাশে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি করানোর পরে আরও চারজন মারা যান।
ঝিকরগাছা থানায় ছয়জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের লাশ রয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।