খেলাধুলা ডেস্ক: শুক্রবার কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নামার আগে স্পনসরশিপ বির্তকে জড়ালেন ব্রাজিলের সুপারস্টার নেইমার ৷ প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার নিষিদ্ধ ব্র্যান্ড ড্রে-র হেডফোন ব্যবহার করে শাস্তির মুখে পড়তে চলেছেন স্কোলারির দলের তারকা খেলোয়াড় ৷
বিশ্বকাপে সোনির সঙ্গে চুক্তি রয়েছে ফিফার ৷ সুতরাং সোনি ছাড়া বিশ্বকাপ চলাকালীন অন্য কোনো ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করা যাবে না বলে আগেই ফুটবলারদের জানিয়ে দেয়া হয়েছিল ৷ সতীর্থরাও নেইমারকে এ ব্যাপারে সর্তক করেছিলেন ৷ কিন্তু, তাতে কর্ণপাত না-করে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই বির্তকে জড়িয়ে পড়েন ব্রাজিলীয় দলের প্রাণভোমরা ৷
প্রি-কোয়ার্টার ফাইনালে চিলির বিরুদ্ধে হাঁটুতে হালকা চোট পেয়ে কলম্বিয়ার বিরুদ্ধে নেইমারের মাঠে নামা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল ৷ চোট গুরুতর না হওয়ায় শুক্রবার মাঠে নামার জন্য তৈরি ২২ বছর বয়সি ব্রাজিলীয় স্ট্রাইকার ৷ নিজেই এ কথা জানান নেইমার ৷ তিনি বলেন, ‘কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামতে আমার কোনো অসুবিধা নেই ৷ আমি এখন সম্পূর্ণ সুস্থ ৷’