• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

চিন্তিত এরশাদ: তিন ধারায় বিভক্ত জাতীয় পার্টি

Arsadসিসিনিউজ: তিন ধারায় বিভক্ত জাতীয় পার্টি। নতুন মহাসচিব নিয়োগের পর জাপায় নতুন করে অস্থিরতা দেখা দেয়। দলটির সবপর্যায়ে এখন বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের কর্তৃত্ব রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ দলের নেতা, মন্ত্রী ও এমপিদের নিজের আয়ত্তে রাখার কৌশলে এগোচ্ছেন। এ অবস্থায় নতুন করে নিয়োগ দেয়া মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু পড়েছেন বিপাকে। তিনি নিজেও একটি বলয় তৈরি করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। তবে এতে করে দলীয় অস্থিরতা ক্রমেই বাড়ছে। জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগের পর থেকেই সারা দেশে জাতীয় পার্টিতে সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবেও বাবলুকে মেনে নিতে পারছেন না অনেকে। দল ত্যাগও করছেন কেউ কেই। এরশাদের ছোট ভাই জিএম কাদের, রওশন এরশাদের সমর্থক সংসদ সদস্যরা ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সমর্থকরা বাবলুকে পার্টির মহাসচিব হিসেবে মানতে নারাজ। গত ২৫শে জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মৎসজীবী পার্টির সভায় এরশাদের ছোট ভাই দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সরকারের সমালোচনা করে বক্তব্য দেয়ার সময় আসন থেকে উঠে যান বাবলু। এ ঘটনায় সারা দেশের জাপার নেতারা বাবলুর আচরণের নিন্দা জানান। সহানুভূতি পান জিএম কাদের। এর অগে গত মাসে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের উপস্থিতিতেই চট্টগ্রামের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের উপস্থিতিতে স্থানীয় নেতাদের তোপের মুখে পড়েন বাবলু। সর্বশেষ গত ২রা জুলাই জাপার ঢাকা মহানগর উত্তরের ইফতার পার্টিতে অংশ নেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টারে যখন হাওলাদার প্রবেশ করেন তখন শ’ শ’ নেতাকর্মী দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। এতে বিব্রতকর অবস্থায় পড়েন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বাবলু ধমক দিয়ে মাইকম্যানকেও থামিয়ে দেন। দলীয় সূত্র জানায়, বাবলুর কারণে অনেকেই দলত্যাগ করছেন। সম্প্রতি গাইবান্ধার সাবেক এমপি জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব বাদশা দল থেকে পদত্যাগ করেছেন। উত্তরাঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী গত দু’মাসে আওয়ামী লীগ ও বিএনপিতে যোগ দিয়েছেন। পদত্যাগের সময় বাদশা বলেন, অন্যদলের লেজুড়বৃত্তি করার চেয়ে সরাসরি যোগ দেয়াই ভাল। জাপার একাধিক নেতা জানিয়েছেন, জাপায় রওশন এরশাদের নেতৃত্বে রয়েছে একটি সক্রিয় বলয়। তারা সরকারের সঙ্গে সমন্বয় করে চলেন। তবে গ্রুপটি পার্টি নিয়ে তেমন মাথা না ঘামালেও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু বিরোধী। সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে রয়েছে অপর গ্রুপ। এ গ্রুপটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সক্রিয়। এমনকি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতেও রয়েছে রুহুল আমিন হাওলাদারের নিজস্ব কর্মী-সমর্থক। সরকারের সঙ্গেও তাদের একটি অংশের সম্পর্ক আছে। অন্যদিকে জিয়াউদ্দিন বাবলু ও যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বেও রয়েছে একটি গ্রুপ। এ গ্রুপটি বাবলু মহাসচিব হওয়ার পর থেকে শক্তিশালী হচ্ছে। তবে নেতা-কর্মীদের সমর্থন না পাওয়ায় তারা তেমন সক্রিয় হতে পারছেন না। রওশন গ্রুপের একাংশ ও হাওলাদারের গ্রুপটি জিএম কাদেরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে। এ অংশটির অভিভাবক জিএম কাদের। জাপার নেতারা জানিয়েছেন, মূলত জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগ দেয়ার পর থেকেই জাপায় এই বিভক্তি শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এরশাদও চিন্তিত। এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদে এ বিষয়ে পরামর্শ করেছেন। প্রধানমন্ত্রী এরশাদকে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, মহাসচিবকে নিয়ে জাপায় সৃষ্ট জটিল পরিস্থিতিতে এরশাদ দলের বিভিন্ন স্তরের নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তবে তারা একমত হতে পারছেন না। সরকারে থাকা একজন প্রতিমন্ত্রী কাউন্সিল পর্যন্ত বাবলুকেই মহসচিব রাখার পরামর্শ দিয়েছেন। অনেকে জিএম কাদেরকে দলের দায়িত্ব দিতে পরামর্শ দেন, এরশাদ এখনই তা চাইছেন না। জাপার একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, জিএম কাদেরকে দলে নতুন দায়িত্ব দেয়া হলে জিয়াউদ্দিন বাবলু গ্রুপ দল ছেড়ে নতুন জাপা গঠন করতে পারে। এটা এরশাদ চাইছেন না। এরশাদ চাইছেন সবাইকে নিয়ে চলতে। এরশাদ মনে করেন হাওলাদার ও জিএম কাদের আর যা-ই করুক দল ছেড়ে যাবে না। কিন্তু বাবলু দল ছেড়ে চলে যেতে পারে। প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, এখন রাজনীতি নেই। খেলা না থাকলে খেলোয়াড় যেমন কিছু বলতে চায় না। শুধু ঘরে বসে থাকে। আমার অবস্থাও এরকম। তবে মনে হচ্ছে একটা কিছু ঘটছে। উৎসঃ   manabzamin


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ