• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

সাকিব ছয় মাস নিষিদ্ধ

Sakibখেলাধুলা ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের কারণে সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া আগামী দেড় বছর দেশের বাইরে গিয়ে লিগ খেলার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না তাকে।

সোমবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য ছাড়পত্র পাবেন না সাকিব। কিছু টুর্নামেন্টের জন্য আগে থেকে দেয়া এনওসিও বাতিল করে দিয়েছে বিসিবি।

অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই সাকিবের ছয় মাসের নিষেধাজ্ঞা শেষ হবে।

এনওসি না নিয়েই ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। বিসিবির নির্দেশে রোববার দেশে ফিরে ব্যাখ্যা দেন তিনি। সাকিব বলেন, ভুল বোঝাবুঝির কারণে অনুমতি ছাড়াই তাকে দেশ ছাড়তে হয়েছিল।

বৈঠক শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে সভাপতির কণ্ঠে ছিল ক্ষোভ। একজন বড় মাপের ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য এটি খারাপ রেকর্ড হিসেবেই মনে করছেন পাপন। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, সাকিব বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার। বলতে গেলে সে আমাদের সেরা খেলোয়াড়ই। এমন তারকা খেলোয়াড়রা যখন একটার পর একটা নিয়ম ভঙ্গ করে, তখন দলের মধ্যে নিয়ন্ত্রণ বলে কিছুই থাকে না। আমাদের ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্যও এটা খুব খারাপ রেকর্ড হয়ে থাকছে।’

চণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের নতুন কোচ। দলের সঙ্গে যোগ দিতে-না-দিতেই তার সঙ্গে ঝামেলা পাকিয়েছেন সাকিব। হয়েছে উত্তপ্ত বাক্যবিনিময়ও। এমনকি কোচের কাছে এক মেইলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ওয়ানডে-টেস্ট ছেড়ে দেওয়ার হুমকি দেন এই অলরাউন্ডার।

এই আচরণকে বিসিবির জন্যও একটি সতর্কতা বার্তা হিসেবে দেখছেন নাজমুল হাসান, ‘আইপিএল আর সিপিএল এতটাই গুরুত্বর্পূণ তার (সাকিব) কাছে? যেখানে আমরা নিজেদের ক্রিকেটের জন্য এত কিছু করছি। আমাদের সব সুবিধা নিয়ে দেশের জন্য না-খেলে যদি বিদেশি প্রিমিয়ার লিগ খেলাটা তাদের কাছে প্রাধান্য পেয়ে থাকে, তাহলে তো আমাদের কিছু করতেই হবে।’

সাকিবকে কেন শাস্তি দেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘কেবল একটি এনওসি কিংবা কোচের সঙ্গে সাম্প্রতিক অশোভনীয় আচরণের কারণেই নয়, বহুবিধ কারণে সাকিব আল হাসানকে এই শাস্তি দিয়েছে বিসিবি। কারণ দিন দিন তার ব্যবহারে অশোভনীয়তার মাত্রা বেড়েই চলেছে। দলের কোচ, অধিনায়ক কিংবা ম্যানেজমেন্টের প্রতি কোনো শ্রদ্ধাবোধই নেই তার।’

 এর আগে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিবের ড্রেসিংরুম ছেড়ে যাওয়ার ব্যাপারে তদন্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি। সাকিবকে দেশে ফেরানোর পেছনে এই ইস্যুও জড়িত। বিসিবির সভাপতির ভাষ্যে ফুটে উঠেছে সেটিই, ‘সাকিবকে ডেকে পাঠানোর এটাও একটা কারণ। বিসিবি কী সিদ্ধান্ত নিয়েছে সেটা নির্ভর করবে, শুনানিতে সে কীভাবে প্রত্যুত্তর করেছে তার ওপর।’

সব শেষে আগামীতে সাকিবের এমন আচরণ বরদাস্ত করা হবে না জানিয়ে পাপনের সাবধানী বাণী, ‘ভবিষ্যতে এমনটা হলে আজীবন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নেই। এখন থেকে বিসিবির চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার অনুমতি ছাড়া বিজ্ঞাপনেও কাজ করতে পারবে না’

নিষেধাজ্ঞা চলার সময় জাতীয় দলের হয়ে অনুশীলন করতে পারবেন না সাকিব। তবে আলাদাভাবে বিসিবির সুযোগ সুবিধা ব্যবহার করে অনুশীলনে কোনো বাধা নেই তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ