সিসিনিউজ: অবশেষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা বা এমপিও ছাড় হয়েছে। একই সঙ্গে তাদের বোনাস বা উৎসব ভাতাও ছাড় করা হয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও বিতরণ করে থাকে মাউশি এবং কারিগরি শিক্ষা অধিদফতর (ডিটিই)। সারা দেশে সাড়ে ৫ লাখের বেশি ব্যক্তি এ সুবিধা পেয়ে থাকেন। এক মাসের এমপিও পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু বরাদ্দসংক্রান্ত জটিলতার কারণে প্রতিবছরই জুন মাসে এমপিও বিতরণ করতে বিলম্ব হয়ে থাকে। এ মাসেও একই ধরনের বিলম্বের কারণে এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে শিক্ষক সংগঠনগুলো বিবৃতি প্রদান করে। তারা জুলাই মাসের বেতনের সঙ্গে ঈদ বোনাস দাবি করেছিল। সরকার জুন মাসের বেতনের সঙ্গেই তা (বোনাস) প্রদান করল।