নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ছাত্রলীগ নামধারী দুই চাঁদাবাজকে পুলিশের হাতে তুলেন দিলেন নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার। শনিবার বিকেলে তাদেরকে ডিমলা থানায় সোপর্দ করা হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী জানান, শহরের বাবুরহাট এলাকার জসিম উদ্দীনের ছেলে মুজিব স্মৃতি সংসদের স্বঘোষিত সভাপতি সাইদুল ইসলাম(৩৬) ও তার সহযোগী একই এলাকার মকবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম(২৪) শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম হক্কানী প্রধানকে মুজিব স্মৃতি সংসদ অফিসে নিয়ে গিয়ে চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়ার কারনে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়।
এছাড়া শনিরবার সকালে ডিমলা শহরের বক্কর এন্ড ব্রাদার্সের মোটর সাইকেলের শোরুমে গিয়ে বাকীতে একটি মোটর সাইকেল দেয়ার দাবী জানান আটকরা। বাকীতে মোটর সাইকেল দিতে রাজী না হওয়ায় তাকেও ধরে মুজিব স্মৃতি সংসদ অফিসে নিয়ে এসে বেধরক মারপিট করে ছেড়ে দেয়।
নীলফামারী-১আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার বলেন, ডিমলায় মুজিব স্মৃতি সংসদ নামক সংগঠনের কোন অস্তিত্ব নেই। তারা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে বেড়ায়। এ কারনে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।