সিসিনিউজ : আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪। পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এসময় মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, জাতীয় প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ একাডেমি (ন্যাপ) এর মহাপরিচালক নাজমুল হাসান খানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বিজিবিপ্রেস এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকল পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর দেড়টায়। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।