সিসিনিউজ: জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন আর অপকর্মই তাদের পতনকে ত্বরান্বিত করবে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় এসে কোনো ওয়াদা পূরণ করতে পারেনি। বরং জনগণকে তারা রাস্তায় বসিয়েছে। তারা সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। গোটা দেশ আওয়ামী দুঃশাসনের কালো নখরে আজ আক্রান্ত।
সোমবার জামায়াতে ইসলামীর রমনা থানা আয়োজিত রাজধানীর মগবাজারে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, আওয়ামী লীগকে একদিন সকল অপকর্মের জন্য জনতার আদালতে জবাবদিহি করতে হবে।
থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, গোলাম কিবরিয়া, আব্দুল কাইয়ুম ফয়সাল, আতাউর রহমান সরকার প্রমুখ।