ঢাকা : বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও বিজিএমইএ ভবনে বেতন নিতে আসেনি তোবা গার্মেন্টসের কোনো শ্রমিক। বুধবার সকাল ৯টা থেকে বেতন দেওয়ার কথা থাকলেও বিজিএমইএ ভবনে কোনো শ্রমিককে আসতে দেখা যায়নি। তবে কাউন্টার খুলে বেতন দেওয়ার অপেক্ষায় থাকতে দেখা গেছে বিজিএমইএ কর্মকর্তাদের।
অন্যদিকে, বুধবার রাতে শ্রমিকদের ভেতরে রেখে তোবা গার্মেন্টসের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কোনো এক সময়ে তালা লাগিয়ে দেওয়া হয়। তবে কে বা কারা লাগিয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিরাপত্তাকর্মীরা তালা লাগাতে পারে। তবে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।