হিলি প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামীলীগ নেতা ও স্কুল শিক্ষক হুমায়ুন কবীর হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নাটোরের লালপুর ও দিনাজপুরের বিরামপুর থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার বরাতিপুর গ্রামের আব্দুল মজিদ (৩০) ও শ্রীহরি-বিহরি গ্রামের মো. মোজাফ্ফর হোসেন (৩৫)। এরা উপজেলা জামায়াতের কর্মী বলে জানাগেছে।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ইমরুল কায়েস ফরহাদ জানান, আব্দুল মজিদকে লালপুর থেকে এবং মোজাফ্ফর হোসেনকে বিরামপুর রেলষ্টেশন থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। হুমায়ুনকে হত্যার পর থেকে এরা বিভিন্ন জায়গায় পালিয়ে আত্মগোপন করে ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ মে প্রকাশ্যে দিবালোকে খুন হন উপজেলার বুলাকিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবীর মাষ্টার।