দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সিভিল সার্জন অফিস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
বুধবার সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে সিভিল সার্জন অফিস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের এসে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ মোশায়ের-উল ইসলাম। র্যালী শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মোঃ মোশায়ের-উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মোঃ দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুল ওয়াহেদ, গাইনি বিশেষজ্ঞ ডা. মাসতুরা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ পারভেজ সোহেল রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মোঃ ইয়াকুব আলী ও ওয়ার্ল্ড ভিশন এর স্বাস্থ্য কর্মকর্তা সীমা বেগম ও অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে কাঞ্চন সমিতি, মেরিস্টোপস, ওয়ার্ল্ড ভিশন, মমতা পল¬ী উন্নয়ন সংস্থা, আরডিআরএস, ব্র্যাক, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
“মায়ের দুধ আর ঘরের তৈরী খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, ৬ মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধের কোন বিকল্প নেই। আমাদের দেশের মায়েরা শাল দুধ খাওয়াতে চাননা। বাজারের বিভিন্ন প্রকার কৌটার দুধ ক্রয় করে বাচ্চাকে খাওয়ানো হয় যা বাচ্চার শারিরীক সক্ষমতা বৃদ্ধির জন্য যথেষ্ট নয়। বাচ্চার সুস্বাস্থ্যের জন্য শাল দুধ অত্যন্ত প্রয়োজন এবং এই শাল দুধ বিভিন্ন কঠিন রোগ প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখে।