দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত দু’দিনে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হত্যা, বিস্ফোরক ও নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হত্যা মামলার এজাহারভূক্ত আসামী প্রভাষক আব্দুল মালেককে (৫০) পুলিশ গত বুধবার রাতে নাটোর জেলার লালপুর থানার একটি বাড়ী থেকে এবং উপজেলা জামায়াতের রোকন মোজাফ্ফর হোসেন (৪৫) ও ইসমাইল হোসেনকে (৩৫) রংপুর সদর উপজেলার মাহিগঞ্জ এলাকা থেকে আটক করে। এছাড়া উপজেলা ছাত্রশিবির নেতা মোশাররফ হোসেন খোকন (২৭) ও সহিদুল ইসলাম সাজুকে (২২) আটক করা হয়।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা পুলিশ অভিযান চালিয়ে নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী শিবিরের নেতা সিদ্দিকুর রহমান (২৮), সাহাদাত হোসেন (২৫) ও সায়েল হোসেন (২২) এবং বিরামপুর উপজেলা পুলিশ শিবির নেতা মনিরুজ্জামান (২২), হারুনুর রশিদ (২০) ও ফিরোজ কবিরকে (২৬) আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।