লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে করার অভিযোগে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চর খারুয়া গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল লতিব (২০) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে ভুয়া কাজী আব্দুল করিম (২৫)।
এলাকাবাসী ও পুলিশসুত্রে জানাগেছে, সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ২৬ জুন জোর করে বিয়ে করেন ওই বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিম । বিয়ের পর থেকে ওই ছাত্রীকে আটকে রাখেন প্রভাবশালী স্বামী আব্দুর রহিম। সাম্প্রতিক সময়ে ছাত্রী বাবার বাড়ি এলে বিষয়টি জানাজানি হয় ও বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হয় ।
এ ঘটনায় সোমবার মোঘলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করে ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলার মূলহোতা বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিমকে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’