ঢাকা : বিএনপি চেযারপারনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম মোশারফ হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এক শোকবাণীতে তিনি বলেন, “এম মোশারফ হোসেনের মৃত্যুতে ফেনীবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ও বলিষ্ঠ সংগঠক মরহুম এম মোশারফ হোসেন সমাজসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন।
একজন উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী হিসেবেও তিনি সর্বমহলে সুনাম অর্জন করেছিলেন। রাজনীতিতে অংশগ্রহণ করার পূর্ব থেকেই তিনি এলাকায় পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতালসহ অনেক জনকল্যাণকর প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আর এ কারণেই ফেনীবাসীর কাছে তিনি একজন জনপ্রিয় রাজনীতিক হিসেবেই শুধু নয় বরং সমাজেহিতৈষী হিসেবে দলমত নির্বিশেষে সকলের নিকট অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন।
তার মৃত্যুতে দেশবাসী একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ, সমাজসেবক এবং উদ্যোক্তাকে হারালো। যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।’
বেগম জিয়া মরহুম এম মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম এম মোশারফ হোসেনকে একজন দক্ষ আইন প্রণেতা, সমাজসেবক এবং একজন নিষ্ঠাবান উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।