সিসিনিউজ: সৈয়দপুরে ইভটিজিং এর দায়ে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাতে শহরের সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ রায় প্রদান করা হয়।
জানা যায়, ওই বিদ্যালয়ে অস্টম শ্রেনীর ছাত্রী সুমি (ছদ্মনাম), কে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল শহরে বাঁশবাড়ী বটগাছ মোড় এলাকার মোঃ ইকবাল হোসেনের ছেলে মোঃ ওয়াকিল জনি (২৫)। ঘটনার দিন সকালেও একই ভাবে ওই ছাত্রী বিদ্যালয়ে আসার পথে উত্যক্ত করে। এ ঘটনা ছাত্রীটি তার পিতা শেখ জামিলকে জানালে শেখ জামিল ও্ই যুবকের বাবাকে অবহিত করে। এর পর সন্ধায় ছাত্রীটির বাবা মেয়েকে কোচিং থেকে নেয়ার জন্য বিদ্যালয়ে আসার পথে ওই যুবক তাকে পথে আটক করে হুমকি দেয় যে কেন তার বাবাকে অভিযোগ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে ছাত্রীটির বাবা বিষয়টি তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব আহমেদকে জানালে ওইসময় উপস্থিত অন্যান্য ছাত্রীদের অভিভাবকসহ জনিকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুশফিকা ইফ্ফাতকে অবহিত করলে তিনি বিদ্যালয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবককে পরেরদিন আজ বৃহস্পতিবার নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়।