সিসি নিউজ: সৈয়দপুর-পার্বতীপুর সড়কে কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশকের সেলস্ম্যানের ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সড়কের বেলাইচন্ডির দক্ষিণে ইট ভাটার কাছে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশক আলী ইমামের সেলস্ম্যান আব্দুল জব্বার চিরিরবন্দরের বিন্যাকুড়ি হাট থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পার্বতীপুর হয়ে ওই পথে ভ্যানযোগে সৈয়দপুরে আসছিল। ঘটনাস্থলে ভ্যানটি এলে মটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সেলস্ম্যান জব্বারের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশক আলী ইমামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।