রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে শারীরিক লাঞ্ছিতের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- রাবির ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন, মৎস্য বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি এবং একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মামুন-অর-রশিদ।
জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন আরো জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর এবং তার দুইজন কর্মচারীকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে ৪০ ধারার (চ) উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে ওই তিন নেতাকে প্রথমে সাময়িক বহিষ্কার করে। এরপর তাদের চিরস্থায়ী বহিষ্কার করা হবে।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর এন্তাজুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহসভাপতি তন্ময় আনন্দ অভি ও কর্মী মামুন-অর-রশীদ। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকেও আসামি করা হয়েছে।