চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার মুন্সীগঞ্জ রেল স্টেশন সংলগ্নে ট্রেনে কাটা পড়ে ৩৫ টি ছাগল নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস উপজেলার মুন্সীগঞ্জ রেলস্টেশন সংলগ্নে পৌঁছায়। এসময় রাস্তায় যাতায়াতরত নসিমন-করিমন (ভটভটি)র শব্দ শুনে অর্ধশতাধিক ছাগল রেল লাইনের উপরে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে।
এ সব ছাগলের মধ্যে মুন্সীগঞ্জ রেল বস্তিপাড়ার মৃত শুকুর আলীর স্ত্রী করিমন খাতুনের ২০ টি ও সিরাজের স্ত্রী ফতেমা বেগমের ১৫ টি ছাগল ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
চুয়াডাঙ্গা রেলস্টেশন মাস্টার আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।