আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী জম্মুতে গুলির ঘটনায় পাঁচজন ভারতীয় নাগরিক নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের ভেতর থেকে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের ওপর ভারী অস্ত্র দিয়ে গুলি ও মর্টার হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সময় ভারতীয় বিএসএফের সঙ্গে স্থানীয় মুসলমানরা আন্তর্জাতিক সীমারেখা থেকে চার কিলোমিটার দূরে এরিনা বাস স্ট্যান্ডে পবিত্র ঈদুল আযহায় উৎসব করছিল।
নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে দুজন মহিলা ও একজন ১৩ বছরের কিশোরী রয়েছে। আহত সবাইকে উদ্ধার করে জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ভেতর থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এই গুলি ছোড়া হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
পুলিশ সূত্র আইএএনএস-কে জানায়, আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে চার কিলোমিটার দূরে জম্মু জেলার এরিনা সাব-সেক্টরে ভারতীয় ভূখণ্ডে অবস্থানরতদের ওপর রাতে পাকিস্তান এলোপাথাড়িভাবে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানান, পাকিস্তান মর্টার শেল এবং স্বয়ংক্রিয় মেশিন থেকে এই গুলি ছুড়েছে।
আহতদের বেশিরভাগ সাধারণ নাগরিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি ত্রাণ সহায়তা দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর এরিনা এবং এর আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে এরিনা থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
এ ঘটনায় বিএসএফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতির লঙ্ঘনের দায় পাকিস্তানকে নিতে হবে।
সূত্র: এনডিটিভি