সিসি নিউজ: ঈদের দিন সৈয়দপুর শহরে কয়ানিজপাড়া ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে স্থানীয় শিক্ষিত যুবকরা মাংস সংগ্রহ করে ওই এলাকার ৪১০ পরিবারকে মাংস বিতরণ করেছে। ব্যতিক্রম এ উদ্যোগের নেপথ্যে ছিলেন ওই মহল্লার বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম।
স্থানীয় একটি সূত্র জানা যায়, ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত ভাষণে ডা. শেখ নজরুল ইসলাম জানান, এবারে কয়ানিজপাড়া মহল্লায় আর্থিক অনটনের কারণে ৪১০ পরিবার কুরবানির পশু ক্রয় করতে পারেনি। তাই যারা কুরবানি দিয়েছেন তাদেরকে এ ঈদগাহে এসে সাধ্যমতো মাংস দেয়ার জন্য আহবান জানান। স্থানীয় যুবকরা তাৎক্ষনিক ওই কাজের দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করেন। পরে ৪১০ পরিবারের জন্য ১১ মন মাংস সংগ্রহ হয়। ওই মাংস রাত পর্যন্ত ভ্যানযোগে যুবকরা তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পৌছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন কয়ানিজপাড়ার সমাজসেবক আবু হোসেন বাচ্চু, লিয়াকত আলী খানসহ অনেকে। যুবকদের এমন উদ্যোগ সকলের কাছে প্রশংসিত হয়েছে।