দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অপহৃত ২ স্কুলছাত্রীকে অপহরনের ৪ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম (৩০) নামে এক অপহরণকারীকেও আটক করেছে পুলিশ। রাশেদুল ইসলাম খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের হাবলু মিয়ার ছেলে।
অপহৃত স্কুল ছাত্রী রেজওয়ানা আখতার রুমা খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টঙ্গুয়া পন্ডিত পাড়া গ্রামের মো. এজাজুল হকের মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী এবং মেহেরীন আখতার মোস্তাফি একই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী।
অপহৃতদের পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর অষ্টম শ্রেণির ওই ছাত্রী আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজে না পেয়ে পাওয়া যায়নি। গত বুধবার বিশেষ সূত্রে খবর পায় যে, তাকে অপহরণ করা হয়েছে। পরে তার পরিবার খানসামা থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে অপহরণ মামলা করে ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, একই দিনে ২ স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। তাদের উদ্ধারে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম একজন ভ্যানচালক।