সিসি নিউজ: শত ভাগ রেল যাত্রা নিশ্চিত করতে দেড়শ নতুন কোচ কেনার উদ্যোগ নিয়েছে রেল বিভাগ। এর মধ্যে ১০০টি মিটার গেজ ও ৫০টি ব্রড কোচ রয়েছে।
এগুলো আগামী ২০১৬ সালের মধ্যে সরবরাহ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ইনক্লাপিটি ইন্ডাস্ট্রি। ফলে অধিক যাত্রী বহন করতে পারবে রেল বিভাগ। পাশাপাশি রেল কোচ সমস্যাও কিছুটা দূর হবে বলে রেল কর্তৃপক্ষ মনে করছেন।
রোববার রেল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে কোচগুলো কেনার ব্যয় ধরা হয়েছে ৫৬১ কোটি ১২ লাখ টাকা। এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। নতুন এই কোচগুলো কেনার জন্য গত বছর ডিসেম্বরে দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।
দরপত্রে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো ভারতের রাইটস লিমিটেড, ইন্দোনেশিয়ার ইনক্লাপিটি ইন্ডাস্ট্রি ও চীনের সিএসআর নানাজিং পুঝেন কোম্পানি লিমিটেড। এর মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করে ইনক্লাপিটি। ৫০টি ব্রড গেজ কোচ সরবরাহে প্রকিষ্ঠানটির প্রস্তাবিত দর ২১৬ কোটি ৫৮ লাখ টাকা ও ১০০ মিটার গেজ কোচে ৩৪৪ কোটি ৫৪ লাখ টাকা।
কোচগুলো কেনায় রেলওয়ের প্রাক্কলিত মূল্যের চেয়ে অনেক কম দর প্রস্তাব করেছে ইনক্লাপিটি। ৫০টি ব্রড গেজ কোচ কেনায় রেলওয়ের প্রাক্কলিত মূল ছিল ৩১০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ইনক্লাপিটি ৯৩ কোটি ৮৩ লাখ টাকা বা ৩০ শতাংশ কম দর প্রস্তাব করেছে।
আর ১০০ মিটার গেজ কোচ কেনায় রেলওয়ের প্রাক্কলন ছিল ৩৯৯ কোটি ৭১ লাখ টাকা। এক্ষেত্রে ৫৫ কোটি ১৩ লাখ বা ১৬ শতাংশ কম দর প্রস্তাব করা হয়েছে।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক মো. ইফতিখার হোসেন জানান, কোচগুলো সরবরাহ মূল্যের চেয়ে অনেক কম দর প্রস্তাব করেছে ইন্দোনেশিয়া প্রতিষ্ঠানটি। এগুলো কেনার প্রস্তাব কারিগরি কমিটি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করেছে। এডিবির অনাপত্তিও পাওয়া গেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য ক্রয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। এরপর ঠিকাদাররে সঙ্গে চুক্তি করা হবে।