ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের বাসায় দলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
কমিটি গঠন নিয়ে বৈঠকের জন্য শনিবার দুপুরে মোহাম্মদপুর থানা বিএনপির দু’টি গ্রুপ রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় গেলে হাতাহাতির এ ঘটনা ঘটে।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠক চলাকালে মির্জা আব্বাসের উপস্থিতিতেই নেতাকর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় তাদের ধমক দিয়ে থামিয়ে দেন মির্জা আব্বাস।
এছাড়া এ ঘটনার জন্য মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি লিটন মাহমুদ বাবু ও আদাবর থানা যুবদলের সভাপতি কামাল হোসেন দায়ী- এ কথা উল্লেখ করে তাদের বহিষ্কারের জন্য দলের হাই কমান্ডের কাছে সুপারিশ করা হবে বলেও জানান মির্জা আব্বাস।
ওই সূত্র জানায়, মির্জা আব্বাসের হস্তক্ষেপে তাৎক্ষিণকভাবে পরিস্থিতি শান্ত হলেও এর কিছুক্ষণ পর তার বাড়ির বাইরে আবারো হাতাহাতিতে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হলে ফের বৈঠক শুরু হয়।