ভোলা : ভোলার মনপুরা উপজেলার শিবচর সংলগ্ন মেঘনায় ৫টি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে মালামাল লুটপাট করে ৪ জেলেকে অপহরণ ও ২টি ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে। এসময় জলদস্যুদের হামলায় আহত হয়েছে ২০ জেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটেছে বলে আহত জেলেদের সূত্রে জানা গেছে।
জানা যায়, মনপুরার শিবচর সংলগ্ন মেঘনায় জেলেরা প্রতিদিনের ন্যায় মাছ ধরতে ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রলারে করে ১০-১২জন সশস্ত্র জলদস্যু নেছার মাঝি, শাহিন মাঝি, আবু তাহের মাঝি, জাহের মাঝি ও কুট্টি মাঝির ট্রলারে হামলা চালিয়ে জেলেদের মারধর করে নগদ টাকাসহ ৫লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় । জলদস্যুরা এসময় মুক্তিপণের দাবিতে ৪ জেলেসহ ২টি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।
জলদস্যুদের হামলার শিকার চরপাতিলার কুট্টি মাঝি জানায়, সশস্ত্র জলদস্যুরা হামলা ও মারধর করে জেলেদের নদীতে ফেলে দিয়ে জাহের মাঝি ও নেছার মাঝির ট্রলারসহ দুটি ট্রলারের জেলে কাশেম(৩২), আবু বকর(৩০), মাহে আলম(৩২) ও সারেং বাশারকে (২৮) অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
আহত জেলেদের নদীতে থাকা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ১২জেলেকে ভোলা ও বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, জলদস্যু আক্রমণের খবর আমার জানা নেই। শিবচর মনপুরার এক দুর্গম এলাকা হওয়ায় খোঁজ নিতে সময় লাগবে। তারপরও আমি খোঁজ নিয়ে জানবো।