কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কামার পাড়া গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে বিউটি আক্তার (১২)কে বাল্য বিবাহ দেয়ার অপরাধে উপজেলা প্রশাসন ২জনকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার সময় সদর ইউনিয়নের কামার পাড়া গ্রামের মৃত বোছা মামুদের পুত্র নেজাম উদ্দিন (৫৫) কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ বিউটি আক্তার (১২) কে গোপনে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সেই বিয়ের বাড়ীতে হানা দিয়ে মেয়ের বাবা নেজাম উদ্দিন (৫৫) কে ও বরের চাচাত ভাই বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ ইস্রাফিল ইসলাম (৫০) কে আটক করে থানায় নিয়ে আসলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার। পরে ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের (৬) ধারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান মেয়ের বাবা নেজাম উদ্দিন (৫৫) ও বরের চাচাত ভাই ইস্রাফিল ইসলাম (৫০) কে ২১দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে বর ও বরের বাবা বিয়ের বাড়ী থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ।