কুড়িগ্রাম: মহানবী হজরত মোহাম্মদ (সা.), হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের নছর উদ্দিন মার্কেট থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি শহরের পৌর বাজার এলাকায় আসলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ঘুরে কুড়িগ্রাম সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুড়িগ্রামের সভাপতি মাওলানা মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোকছেদুর রহমান, হাফেজ মমিনুল ইসলাম জিহাদী প্রমুখ।
সমাবেশ থেকে গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দ্রুত ফাঁসির দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার কথাও জানান তারা।