সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের চত্ত্বরে দিনব্যাপী বিদ্যুৎ মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ শ্লোগানে দেশব্যাপী অনুষ্ঠিত বিদ্যুৎ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ওই মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিদ্যুৎ বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মাহফুজার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) আবুল কালাম আজাদ, সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) মোহাম্মদ আলী জিন্নাহ, আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন প্রমুখ। মেলায় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয় ৮টি স্টল। হাজারো দর্শনার্থীদের ভীড়ে সারা দিন মুখরিত ছিল ওই মেলা।