
লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রুটে ধবলসূতী খাঁনপাড়া এলাকায় নুরনবী বকুল (২১) নামের এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
নিহত নুরনবী বকুল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলাম এলাকার সিরাজুল ইসলামের পুত্র। তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের শ্রীরামপুর ইউনয়নের মাঠকর্মী ছিলেন।
নিহতের বাবা সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানায়, ‘শুক্রবার দিবাগত রাতে বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস-৭১৪ নম্বর ডাউন চলন্ত ট্রেন থেকে পড়ে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্যইসলামপুর নুরনবী বকুল ঘটনাস্থলেই নিহত হয়েছে। উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী(খাঁনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
বুড়িমারী স্থলবন্দর স্টেশন মাষ্টার নজরুল ইসলাম বলেন, ‘‘নুরনবী বকুল কোন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।’’