সিসি নিউজ: রংপুর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তিনবন্ধু কু-বুদ্ধি ও কৌশল অবলম্বন করে পিতা-মাতার নিকট অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় একটি মাইক্রোবাস যোগে রংপুর থেকে বগুড়া অভিমুখে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাবার সময় পলাশবাড়ীতে পুলিশের হাতে আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, নিলফামারী জেলা সদরের কলেজ পাড়ার শফিকুল ইসলামের পুত্র নবম শ্রেণীতে পড়ুয়া মেহেদী হাসান শিশির (১৪), রংপুর কোতোয়ালির হাজীপাড়া (ধাপ) হাফিজার রহমানের পুত্র রায়হান (২০) ও কফিল উদ্দিনের পুত্র লাবিব (১৫) তিন বন্ধু মিলে নিজেরাই কৌশল অবলম্বন করে হারিয়ে গেছে অথবা অপহৃত হয়েছে মর্মে বিশেষ ব্যবস্থায় অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় তাদের পিতা-মাতার নিকট খবর দেয়। এদিকে গত বৃহস্পতিবার জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে মাইক্রোবাসটি দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদের সময় সুযোগ বুঝে মাইক্রোসহ চালক ঘটনাস্থল থেকে সটকে পড়ে। উদ্ধারকৃত তিন বন্ধুকে পলাশবাড়ী থানা হেফাজতে নেয়া হয়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে নিলফামারী থানা পুলিশ উক্ত তিন বন্ধুর অভিভাবককে সাথে নিয়ে পলাশবাড়ী থানায় আসেন। তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।