শেরপুর: শেরপুরে বিজয় দিবসের একটি মঞ্চে আগুন দিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া বাদাপাড়া গ্রামের তরুণ সমাজের উদ্যোগে স্থানীয় পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয় দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনকে প্রধান অতিথি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আনারুল ইসলামকে সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ১৫ ডিসেম্বর রাত ২টা পর্যন্ত ওই অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শেষ করে আয়োজকরা বাড়ি যান।
এদিকে ১৬ ডিসেম্বর ভোরে কে বা কারা ওই মঞ্চের পর্দায় আগুন ধরিয়ে দিলে মঞ্চের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে আয়োজকরা মঞ্চের এ অবস্থা দেখে বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতি বছর এ গ্রামের তরুণ সমাজের পক্ষ থেকে দলমত নির্বিশেষ দিনব্যাপী আলোচনা সভা, খেলাধূলা, পুরস্কার বিতরণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকাবাসী এ ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত খুঁজে বের করে তাদের বিচার দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার উপ- পরিদর্শক (এসআই) আনছার আলী বলেন, “আমরা বিজয় দিবসের মঞ্চের আগুনের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে বলা যাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।”
তবে এলাকার একাধিক সূত্র জানিয়েছে, ওই অনুষ্ঠনের প্রধান অতিথি নির্ধারণ করা নিয়ে একটি মহলের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।