আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে বোমা হামলা ও গুলি করে ১৪০ ছাত্রকে হত্যাকারীদের ছবি প্রকাশ করেছে তালেবান। বুধবার এক ই-মেইল বার্তায় দেশটির গণমাধ্যমগুলোকে এ ছবি সরবরা করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
গণমাধ্যমে পাঠানো ছবির সঙ্গে পাঠানো বিবৃতিতে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরাসানি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী তালেবান যোদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যদের হত্যা করায় এর প্রতিশোধ হিসেবে স্কুলে হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুরের আগে পাঁচ থেকে ছয়জন জঙ্গি সামরিক পোশাকে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। তখন নিরাপত্তা বাহিনী অভিযান চালালে গোলাগুলিতে অন্তত ১৩২ স্কুলশিশুসহ ১৪১ জন নিহত হয়।
এই নির্মম হত্যার ঘটনায় পাকিস্তানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে এ ব্যাপারে একটি সর্বদলীয় ঐক্য গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।