
ঢাকা : প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে রাজধানীর দারুসসালাম থানাধীন বাতেন নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক পোশাক শ্রমিক (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) এসএম কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২১ ডিসেম্বর রাত ৯ টার দিকে পোশাক শ্রমিকের প্রেমিক জনি তাকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাতেন নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে কিছুক্ষণ তারা দুইজনে কথা বলেন। এরপর জনির সাত সহযোগী আসে।
রাত ১০ টার দিকে তারা পালাক্রমে ওই শ্রমিককে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়েটি রাত ১২ টার দিকে বাসায় এ ঘটনা তার নানা-নানীকে জানায়। মেয়েটির বাবা নেই।
কাওসার আহমেদ আরো জানান, ঘটনার পর ওই পোশাক শ্রমিককে ধর্ষকরা নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরপর সে থানায় এসে অভিযোগ করে। অভিযোগের সঙ্গে সঙ্গে পাঁচ ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন; ফয়সাল ওরফে গোগা ফয়সাল (২৩), তুষার (২১), আশিক মাহমুদ (২৪), রাসেল (২১) এবং সানি ওরফে রুবেল (২২)। তবে প্রেমিক জনিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
তিনি আরো জানান, মেয়েটির গ্রামের বাড়ি বরিশালের কোতোয়ালী থানায়। তার বাবা নেই। দারুসসালামের আনন্দনগর এলাকার ঈষিপাড়া এলাকায় নানা-নানীর সঙ্গে থাকে।