গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার সমাবেশ স্থল ভাওয়াল কলেজ মাঠে বুধবার ছাত্রদল মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে একই মাঠে পুলিশের উপস্থিতিতে মাঠ দখলের ঘোষণা দিয়ে ছাত্রলীগ-যুবলীগ বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে ভোর রাতে কলেজ মাঠে ছাত্রলীগ একটি প্যান্ডেল তৈরি করেছে। সমাবেশে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলতাফ হোসেন, রিপন সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর ভাওয়াল কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ করা হবে। বুধবার থেকে ২৭ তারিখ পর্যন্ত কলেজ মাঠ ছাত্রলীগ-যুবলীগের দখলে রাখারও ঘোষণা দেন তারা।
এদিকে কলেজ মাঠে বিএনপির আহুত জনসভা উপলক্ষে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের টাঙ্গানো পোস্টার ও ব্যানার অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এঘটনায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।