উল্লেখ, রাজধানীর শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত তার নিথর দেহ তুলে এনেছেন একদল স্বেচ্ছাসেবী।
তখনো আশা ছিল, জিহাদ হয়তো বেঁচে আছে। পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর বালুর মাঠে কান্নায়-ক্ষোভে-বাঁধভাঙা আবেগে ফেটে পড়লেন কয়েক হাজার মানুষ। শিশুটিকে একনজর দেখার প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার করে আল্লাহকে ডাকছিলেন অনেকেই।
ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের লোকজন শিশুটিকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, জিহাদ বেঁচে নেই।