সিসি নিউজ: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পানির পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদ নিহতের ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা দেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম এ রিটটি করেন।এছাড়া জিহাদকে জীবিত উদ্ধারে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা তদন্ত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরও একটি রিট আবেদন করা হয়েছে।রবিবার বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ব্যারিস্টার সৈয়দ মাইনুল হক।শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শাজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। ২৩ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অবস্থার পর শনিবার বিকাল ৩টার দিকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।রিট আবেদনে তদন্ত কমিটিতে জিহাদের মরদেহ উদ্ধারকারী স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। আর এ কমিটির সুপারিশের ভিত্তিতে জিহাদকে উদ্ধারে গাফিলতিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে।ব্যারিস্টার আব্দুল হালিম জানান, জিহাদকে উদ্ধারকারী ৫ যুবককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করতে আবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গত ২ বছরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কী কী আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছে, তার একটি তালিকা আদালতে দাখিলের জন্য নির্দেশনা চাওয়া হয়।