সিসি নিউজ: দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সহিংসতার প্রতিবাদে আগামী ১৭ জানুয়ারি শনিবার জাতীয় পার্টির উদ্যোগে রাজধানীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বিকেল ৩টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কর্মসূচির কথা জানানো হয়েছে। জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে এরশাদ বলেন, ‘দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। প্রতিহিংসামূলক রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে, এমনকি অবুঝ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।’
তিনি বলেন, ‘অবিলম্বে এ অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’