• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিশ্বকাপের জার্সি উন্মোচন

jercy-1421864429খেলাধুলা ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে গণভবনে নতুন এই জার্সি উন্মোচন করেন তিনি।

এ সময়ে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিশ্বকাপগামী দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

বুধবার রাতে বিশ্বকাপগামী দলকে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে অনুশীলনের পর সরাসরি গণভবনে যান ক্রিকেটাররা। এসময় তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা।

নৈশভোজের আগে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপে ক্রিকেটারদের সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেন, ‘এটা সত্য যে খেলায় জয়-পরাজয় আছে। কিন্তু তোমাদেরকে বিশ্বকাপের ম্যাচগুলোতে জয়ের টার্গেট নিয়ে খেলতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো পারফর্ম করা কঠিন। কিন্তু তোমাদের অবশ্যই নিজেদের উপর আস্থা রাখতে হবে। তোমরা রয়েল বেঙ্গল টাইগার এবং তোমাকে সেই অনুযায়ী পারফর্ম করতে হবে।’ প্রধানমন্ত্রী বিশ্বকাপে সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প ও আস্থার সঙ্গে খেলার জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্বাগত বক্তব্য রাখেন। এতে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বক্তৃতা করেন। তারা জাতীয় দলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বিশ্বকাপ দল। বৃহস্পতিবার টিম ফটোসেশন হবে। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলন করবেন।

অস্ট্রেলিয়ার ব্রিসেবেনে ২৮ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সেখানে ক্যাম্প করবে মাশরাফি-মুশফিকরা। সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়াতে। বিগ ব্যাশের মিশন শেষে দলের সঙ্গে ব্রিসবেনেই যোগ দিবেন তিনি।

বিশ্বকাপ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুমিনুল হক, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও আরাফাত সানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ