নোয়াখালী: আটক ছাত্রশিবিরের পাঁচ নেতাকে নিয়ে নোয়াখালী শহরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্য অনুযায়ী পাঁচটি পেট্রোল বোমা, দুটি এলজি, পাঁচটি ককটেলসহ জিহাদী বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের কৃষ্ণরামপুরের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) এসএম আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের এএসপি নিষ্কৃতি চাকমার নেতৃত্বে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনায় বৈঠকরত শিবিরের পাঁচ নেতাকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শহরের কৃষ্ণরামপুরের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা, দুটি এলজি, পাঁচটি ককটেলসহ জিহাদী বই ও বিভিন্ন ধরনের প্রচারপত্র উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক শিবির নেতা গিয়াস কামাল সাজুর বিরুদ্ধে সুধারাম থানায় ২০-২৫টি মামলা রয়েছে।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু, সাধারণ সম্পাদক মাহবুবে এলাহী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মো. শামীম, ইমতিয়াজ আহম্মেদ বুলবুলকে আটক করে পুলিশ।