কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : বাল্য বিবাহের আয়োজন করার দায়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। সোমবার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাষ্টারপাড়া থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ওইদিন বিকেলে গ্রামের মোহব্বত হোসেন ওরফে কোতোর মেয়ে মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শাহনাজ পারভীন রেহেনাকে (১৫) বিয়ে দেয়ার আয়োজন করে। বাল্যবিয়ের এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার ও একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান। তাদের উপস্থিতি টের পেয়ে রেহেনা ও তার বাবা মা পালিয়ে যায়। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মাগুড়া ৪নং ইউপি সদস্য জালাল উদ্দিন ও চকিদার শহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে রাতে কিশোরগঞ্জ থানায় উপজেলা নির্বাহী কর্মকতা সিদ্দিকুর রহমাননের উপস্থিতিতে মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার হোসেন দুলালের জিম্মায় অঙ্গিকারনামা নিয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ছেড়ে দেয়।