সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মটরসাইকেলের কাগজপত্র পরীক্ষার নামে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে জনতা। ওই পুলিশ কর্মকর্তা হচ্ছেন রংপুর কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল বাশার।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাইপাস সড়কের খড়খড়িয়া নদীর ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন ওই সহকারী উপ-পরিদর্শককে রাতেই রংপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র মতে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লার মামুন কবির (৪৫)ঘটনার সময় এসএসসি পরীক্ষার্থী ছেলে মো. ফাহিম কবিরকে সঙ্গে নিয়ে সদ্য কেনা মটরসাইকেলে করে সৈয়দপুর থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বিকেল সৈয়দপুর বাংলাবাজার এলাকায় আগে থেকে দাঁড়িয়ে থাকা পোষাক পরিহিত এক পুলিশ কর্মকর্তা তাদের আটক করেন। এরপর নিজেকে নীলফামারী ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোটরসাইকেল কাগজপত্র দেখতে চেয়ে তাদের বাইপাস সড়কের খড়খড়িয়া নদীর ব্রীজের ওপর নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা মোটা অংকের টাকা দাবি করেন। এতে মোটরসাইকেল চালকের সন্দেহ হয়। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করলে সেখানে লোকজন ভিড় করে তাকে আটক করে রাখে।
সৈয়দপুর থানা পুলিশ কে খবর দিলে থানা পুলিশ গিয়ে জনতার হাতে আটক ওই পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যায়।