রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধা ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এছাড়াও হামলার শিকার দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের মামলার মিথ্যা নিন্দা জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন শেষে উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অনশন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারের পেছনের সড়কে আজ মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নের্তৃবৃন্দ বলেন, উপাচার্যের মদদেই প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে শিক্ষক-শিক্ষার্থীদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। তারা নজিরবিহীনভাবে হামলার পর আহত শিক্ষকদের নামে মিথ্যা মামলা দায়ের করে। অবিলম্বে আমরা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। অযোগ্য উপাচার্যের তাবেদার হিসেবে কাজ করা বন্ধ করুন, না হলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আপনাদের ক্ষমা করবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, যুগ্ম-সম্পাদক রফিউল আজম খান নিসার প্রমুখ। খবর: বিজ্ঞপ্তি