আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ১৪ বছর বয়েসি একটি অসুস্থ কিশোরী একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পাওয়ার আবেদন করেছে প্রেসিডেন্টের কাছে।
ভ্যালেন্টিনা মরেইরা নামে এই কিশোরী সিসটিক ফিব্রোসিস নামে অনিরাময়যোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।
ভ্যালেন্টিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বলেন, ‘আমি জরুরী ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগ নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি’।
হাজার হাজার মানুষ ভ্যালেন্টিনার এই ভিডিও-চিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে আসে ব্ষিয়টি।
তিনি আর দেরী না করে হাসপাতালে ছুটে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে।
তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেয়া হবে না, তবে যতদিন সে বেঁচে আছে ততদিন ধরে তার মানসিক চিকিৎসা চালিয়ে যেতে খরচ দেবে সরকার।
চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর এই আবেদন এই আইনটিকে নিয়ে বিতর্ক আবার উস্কে দিয়েছে।