সিসি নিউজ : রংপুর শহরের রবার্টসনগঞ্জ এলাকায় বোমা বানাতে গিয়ে যুবদলের শহর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবের হাতের কব্জি উড়ে গেছে। আহত অবস্থায় তাকে পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ুন কবীর জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার রবাটসনগঞ্জে যুবদল নেতা রাসেলের বাসায় সে, মিন্টু ও বিপ্লব বোমা বানানোর সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় বিপ্লবের ডান হাতের কব্জি উড়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে রংপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানীসহ পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে জর্দার কৌটা, তারকাঁটা ও পাথর উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর রবার্টসনগঞ্জ মহল্লায় প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের ছেলে যুবদল নেতা মোহাম্মদ রাসেলের (২৮) বাসায় কয়েকজন দলের নেতা-কর্মী বোমা তৈরি করছিল। এ সময় আকস্মিকভাবে বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আসার আগেই গুরতর আহত যুবদল নেতা বিপ্লবকে নিয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত যুবদল নেতা বিপ্লবকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নগরীর রুপালী সিনেমা হলের কাছ থেকে পুলিশ তাকে আটক করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।