চিরিরবন্দর প্রতিনিধি: চিরিরবন্দরে ডোবা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী মোঃ আহাদ আলীকে আটক করেছে পুলিশ। উপজেলার ফতেজংপুর ইউনিয়নের শেরশাহ ডাঙ্গার গোয়ালপাড়া গ্রামের রিয়াজ প্রামাণিকের বাঁশের ঝাড় সংলগ্ন ডোবা থেকে রবিবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. আলম (৩৫) উপজেলার শেরশাহ ডাঙ্গার গোয়ালপাড়া গ্রামের নজির তেলির ছেলে।
নিহতের স্ত্রী আরজিনা বেগম জানান, শনিবার বিকেলে শেরশা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলেও সে বাড়ি না আসায় সম্ভাব্য স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। দুপুরে প্রতিবেশীদের কাছে লাশের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী আজিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার একজনকে গ্রেফতার করা হয়েছে।