সিসি ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনজুর আলমের নির্বাচন বর্জন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
নির্বাচনে অনিয়ম, কারচুপি ও কেন্দ্র দখলের অস্বীকার করে আ জ ম নাছির বলেছেন, ‘সাধারণ ভোটাররা মনজুর আলমকে প্রত্যাখ্যান করেছে। তিনি পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।’
আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামের প্রায় সব কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে কোনো অনিয়ম কিংবা কারচুপির ঘটনা ঘটেনি।’
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে এক প্রেস ব্রিফিং-এ মনজুর আলম বলেন, ‘সরকারি দলের সমর্থকরা সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এমন কারচুপি আর জালিয়াতির নির্বাচন আর কখনো দেখিনি।’