• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ৩ মানবপাচারকারী নিহত

nihotoকক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ তিন মানবপাচারকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা। শুক্রবার ভোরে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর, ধলু ও জাফর নিহত হন।

টেকনাফের শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে ধলু হোসেন (৪৫), কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও হারিয়ারখালী এলাকার কবির আহমদের ছেলে জাফর আলম (৩৯)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার  জানান, সাগর পথে মালয়েশিয়ায় মানবপাচারের সংবাদ গোপনে পেয়ে ভোর সাড়ে ৪ টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারি এলাকায় পুলিশ অভিযানে যায়। পুলিশের অবস্থান টের পেলে মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী গুলির পর মানবপাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ পাওয়া যায়। এতে তিনিসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

তিনি জানান, নিহতদের বিরুদ্ধে মানবপাচারে অভিযোগে ১৮টি করে মামলা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া নিহতদের সহযোগীসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ