আন্তর্জাতিক ডেস্ক : জেল ভেঙে পালানোর মামলায় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
শনিবার ওই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির অনলাইনের ব্রেকিং নিউজে বলা হয়েছে। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির সঙ্গে তার সহযোগী আরো ১০৫ জনকে একই সাজা দেওয়া হয়েছে। তবে ওই সাজা কার্যকরের জন্য দেশটির প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির অনুমোদন লাগবে।
২০১১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী বিক্ষোভ শুরু হলে কায়রোয় অবস্থিত একটি কারাগার ভেঙে পালানোর অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক জন কারারক্ষী নিহত হন।
এর আগে মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েক শ নেতা-কর্মীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। কিন্তু এখন পর্যন্ত একজনেরও ওই সাজা কার্যকর হয়নি।